নোয়াখালীতে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১০৪, মুচলেকায় মুক্তি

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১১ অক্টোবর, ২০২৬ ৯:৫৬ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে কিশোর অপরাধবিরোধী অভিযানে আটক ১০৪, মুচলেকায় মুক্তি

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে ১০৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। 

অভিযানে আটককৃতদের মধ্যে সর্বাধিক হাতিয়া থানা এলাকা থেকে ৪০ জন এবং বেগমগঞ্জ মডেল থানা থেকে ৩১ জনকে আটক করা হয়। এছাড়া চরজব্বর থানায় ১০ জন, কোম্পানীগঞ্জ থানায় ৬ জন, চাটখিল থানায় ৬ জন, কবিরহাট থানায় ৪ জন, সুধারাম মডেল থানায় ৩ জন এবং সেনবাগ ও সোনাইমুড়ী থানায় ২ জন করে কিশোর আটক হয়েছিল। পরবর্তীতে অভিভাবকদের ডেকে সতর্ক করে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, “কিশোরদের সুস্থ, স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পুলিশি অভিযানের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।