আলফাডাঙ্গায় মাদ্রাসাশিক্ষার্থীদের ব্যতিক্রমী মেধা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১১ অক্টোবর, ২০২৬ ৯:৩৮ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় মাদ্রাসাশিক্ষার্থীদের ব্যতিক্রমী মেধা প্রদর্শনী ও অভিভাবক সমাবেশ

মঞ্চে সুন্নাহভিত্তিক কাফন-দাফন ও বিয়ের পদ্ধতি প্রদর্শন, সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং আরবি-বাংলা ক্যালিগ্রাফি ও সুন্দর হাতের লেখা—এমনই ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও মেধা প্রদর্শনী। 

রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী ইছাপাশা কাদেরিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় মেধার সাবলীল প্রকাশ উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা মঞ্চে অত্যন্ত নিখুঁতভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে মৃতদেহের গোসল, কাফন-দাফন এবং বিবাহ সম্পাদনের নিয়ম হাতে-কলমে প্রদর্শন করে। এ ছাড়া তাদের আকর্ষণীয় হাতের লেখা এবং সাধারণ শিক্ষার মৌলিক দক্ষতার প্রদর্শনী দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।

কাশিয়ানী উপজেলার জয়নগর কলেজের সহকারী অধ্যাপক ও মাদ্রাসার সেক্রেটারি গোলাম মুর্তজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. সুমন রায় এবং মাদ্রাসার সহ-সভাপতি ও আলফাডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মুন্সি বিল্লাল হুসাইন। এ সময় মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল মামুনসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে ডা. সুমন রায় শিশুদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি ডেঙ্গু, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে সচেতন থাকতে এবং সন্তানদের প্রতি আরও যত্নশীল হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মুন্সি বিল্লাল হুসাইন বলেন, “সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সমন্বয় জরুরি। কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে শিশুদের মাঝে নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখতে হবে।”

অন্যান্য বক্তারা বলেন, এ ধরনের বাস্তবমুখী আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলার ব্যাপারে ছোটবেলা থেকেই আগ্রহী করে তুলবে। 

অনুষ্ঠানে মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।