সালথায় কৃষকের বরাদ্দকৃত সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১১ অক্টোবর, ২০২৬ ৯:৩৫ পিএম
শেয়ার করুন:
সালথায় কৃষকের বরাদ্দকৃত সার অন্যত্র বিক্রি, ডিলারকে জরিমানা

ফরিদপুরের সালথায় কৃষকদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা ২০০ বস্তা ইউরিয়া সার গুদামে মজুত না রেখে অন্যত্র বিক্রির দায়ে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ডিলারের নাম মোমরেজ খান। তিনি মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। 

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অক্টোবর মাসে সংশ্লিষ্ট ডিলারের অনুকূলে ৪০০ বস্তা ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছিল। সার সরবরাহের আগমনী বার্তা (অ্যারাইভাল রিপোর্ট) পাওয়ার পর নিয়মিত তদারকির অংশ হিসেবে গুদাম পরিদর্শনে যান উপজেলা কৃষি কর্মকর্তা। সেখানে গিয়ে দেখা যায়, গুদামে ৪০০ বস্তা সার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র ২০০ বস্তা। বাকি ২০০ বস্তা সার কৃষকদের না দিয়ে আগেই অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে বলে যাচাই-বাছাইয়ে নিশ্চিত হওয়া যায়।

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিলার মোমরেজ খান বরাদ্দের সার গোপনে অন্যত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’ অনুযায়ী তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ বলেন, “কৃষকদের জন্য বরাদ্দ করা সার যথাযথ নিয়মে গুদামে মজুত ও সুষম বণ্টন নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত তদারকি করছে। বরাদ্দের সার অন্যত্র বিক্রি করে কৃত্রিম সংকট সৃষ্টি বা কৃষকদের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।