নওগাঁয় হানি ট্র্যাপে ফেলে বৃদ্ধের আপত্তিকর ভিডিও ধারণ, ১০ লাখ টাকা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১১ অক্টোবর, ২০২৬ ৯:৫৩ পিএম
শেয়ার করুন:
নওগাঁয় হানি ট্র্যাপে ফেলে বৃদ্ধের আপত্তিকর ভিডিও ধারণ, ১০ লাখ টাকা দাবির অভিযোগে গ্রেপ্তার ১

নওগাঁর মান্দায় ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে এক বৃদ্ধকে মারধর ও জোরপূর্বক নারীর সঙ্গে আপত্তিকর ছবি-ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূলহোতা মো. জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মীর মো. আনোয়ার হোসেন (৬২) রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা। গত ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তাঁর পূর্বপরিচিত এক নারী ছেলের জন্য পাত্রী দেখানোর কথা বলে তাঁকে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। অভিযোগ রয়েছে, পূর্বপরিকল্পিতভাবে চক্রটি তাঁকে ওই বাড়িতে নিয়ে যায়।

এজাহারে উল্লেখ করা হয়, বাড়িতে পৌঁছানোর পর কথাবার্তার একপর্যায়ে আনোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে মারধর করা হয়। পরে জোরপূর্বক এক নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ও নগ্ন ছবি এবং ভিডিও ধারণ করা হয়। এসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে চক্রটি। এমনকি চাঁদার টাকার জন্য তাঁর পরিবারের সঙ্গেও মোবাইল ফোনে যোগাযোগ করা হয়।

পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগীর স্বজনরা কৌশলে চাঁদার টাকা পরিশোধের আশ্বাস দিয়ে একই দিন দুপুরে তাঁকে ওই বাড়ি থেকে উদ্ধার করেন। পরে তাঁকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ১১ অক্টোবর মান্দা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পরই মান্দা থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মো. জাকারিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, জাকারিয়ার বিরুদ্ধে এর আগেও মোহনপুর ও মান্দা থানায় তিনটি মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, এই চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।