ফরিদপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৫ অক্টোবর, ২০২৬ ৬:২২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ: দুই তরুণের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে চলন্ত মাইক্রোবাসে দলবদ্ধ ধর্ষণের দায়ে দুই তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি মহল্লার মোহন বিশ্বাস (২৬) ও তায়েব মাতুব্বর (২৭)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত (পলাতক) থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ধর্ষণের দায়ে দুই আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; অনাদায়ে তাঁদের আরও তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া অপহরণের দায়ে উভয়কে পৃথকভাবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের দুটি ধারায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ আগস্ট বিকেলে ভাঙ্গা উপজেলার একটি গ্রামের ওই কিশোরীকে বাড়ির পাশ থেকে মুখে রুমাল চেপে ধরে একটি মাইক্রোবাসে তুলে নেয় মোহন ও তায়েব। এরপর চলন্ত মাইক্রোবাসে ভাঙ্গা গোলচত্বর ও মুনসুরাবাদ এলাকার মহাসড়কে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। পরে সন্ধ্যার দিকে কিশোরীকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন (৯ আগস্ট) কিশোরীর বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ৩ জানুয়ারি ভাঙ্গা থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) বিকাশ মণ্ডল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।