সালথায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: ১০ বসতবাড়ি ভাঙচুর, আহত অন্তত ১০

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২৬ আগস্ট, ২০২৬ ১০:৫৮ এএম
শেয়ার করুন:
সালথায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ: ১০ বসতবাড়ি ভাঙচুর, আহত অন্তত ১০

ফরিদপুরের সালথায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। 

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় বাংরাইল গ্রামের মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়। 

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।