সারের ব্যবসা না করেও ডিলারশিপ পেলেন ছাত্রদল নেতা, বঞ্চিতদের মানববন্ধন

অনলাইন ডেস্কঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৭:০৮ পিএম
শেয়ার করুন:
সারের ব্যবসা না করেও ডিলারশিপ পেলেন ছাত্রদল নেতা, বঞ্চিতদের মানববন্ধন

কৃষিকাজ বা সার ব্যবসার কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের প্রতিষ্ঠানকে সারের ডিলারশিপ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। 

অভিযোগ উঠেছে, তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি, অনিয়ম ও আর্থিক লেনদেনের মাধ্যমে এ ডিলারশিপ চূড়ান্ত করা হয়েছে। এ বিতর্কিত তালিকা বাতিলের দাবিতে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, সাতক্ষীরা পৌরসভায় সার ডিলারশিপ পেয়েছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ অর্ঘ্যের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘অর্ঘ্য ইন্টারন্যাশনাল’। সংশ্লিষ্টদের দাবি, এর আগে অর্ঘ্য কিংবা তার প্রতিষ্ঠানের সার ব্যবসা বা কৃষির সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। সম্প্রতি সার ডিলার নিয়োগের অনুমোদনসংক্রান্ত চিঠি প্রকাশ্যে এলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে তীব্র সমালোচনা শুরু হয়। তালিকায় বিগত সরকারের এক আওয়ামী লীগ নেতার নাম থাকার বিষয়টিও সামনে এসেছে, যা নিয়ে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান আলোচক ও অন্যান্য নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে জেল-জুলুম সহ্য করা ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের প্রভাব খাটিয়ে ওই পরিবারের নিকটাত্মীয়, স্ত্রী-সন্তান ও শ্যালক-শ্যালিকার নামে একাধিক ডিলারশিপ বাগিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এই তালিকা চূড়ান্ত করার পেছনে বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিলারশিপ বরাদ্দে কোনো ধরনের যোগ্যতা যাচাই করা হয়নি। ফলে প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। অনভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে সার বিতরণ করা হলে মাঠপর্যায়ে সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং ভবিষ্যতে কৃত্রিম সার সংকট তৈরির আশঙ্কা রয়েছে। 

মানববন্ধন থেকে অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ তালিকা বাতিলের দাবি জানানো হয়। একই সঙ্গে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে প্রকৃত ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার জোর দাবি জানান নেতারা।

উক্ত মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্যসচিব শরিফুজ্জামান সজীব, যুগ্ম সম্পাদক খোকনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।