নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৫২ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুরের নগরকান্দায় ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা, ড্রেন ও নর্দমার বর্জ্য এবং পানি জমে থাকার মতো পরিত্যক্ত পাত্র অপসারণ করা হয়। একই সঙ্গে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনিক পদক্ষেপই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সচেতনতা। প্রত্যেকে নিজ নিজ বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। বিশেষ করে ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ও প্লাস্টিকের পাত্রে যেন বৃষ্টির পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখার আহ্বান জানানো হয়। 

প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তারা মনে করেন, নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

ডেঙ্গু মুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।