এনাফ ইজ এনাফ, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
১৯ নভেম্বর, ২০২৬ ৩:৪১ পিএম
শেয়ার করুন:
এনাফ ইজ এনাফ, তাদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও দেশে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে উল্লেখ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘এনাফ ইজ এনাফ; অনেক হয়েছে, আর নয়। জনগণ ও দেশের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দেওয়া হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খালের পুনঃখননকাজের উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ আর গুম, খুন ও ভীতির রাজনীতি দেখতে চায় না। দেশের মানুষ এখন স্থায়ী শান্তি ও নিরাপত্তা চায়। জনগণের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করতে হলে সব গণতান্ত্রিক শক্তিকে এক থাকতে হবে। ২০২৪ সালের মতো আজ আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।’

বিগত শাসনকালের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘১৬ বছর ধরে যারা বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে রেখেছিল, দেশ যখন উন্নয়নমুখী হচ্ছে, তখনই তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ছাত্র-জনতা রক্ত দিয়ে যে অধিকার প্রতিষ্ঠা করেছে, ষড়যন্ত্রকারীরা তা নস্যাৎ করতে চায়। বিদেশে পালিয়ে গিয়েও তারা প্রভুদের খুশি করতে দেশে অগ্নিসন্ত্রাস ও মানুষ হত্যার অপচেষ্টা চালাচ্ছে।’

পরাজিত অপশক্তির যেকোনো আস্ফালন ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে তিস্তা পাড়ের বাসিন্দাসহ সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে তিস্তা পাড়ের এ জনপদে দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী শহরের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি ‘জাতীয় অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় যোগ দেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।