জীবনের ঝুঁকিতে থাকা প্রবাসীদের সরকারি খরচে ফেরানো হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, তাদের সম্পূর্ণ সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পাশাপাশি যারা সেখানে থেকে যেতে চাচ্ছেন, তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেও সরকার সচেষ্ট রয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ সংসদীয় এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার (টপ প্রায়োরিটি)। আমাদের মিশনগুলো প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা যেন কর্মস্থলে নিরাপদে থাকেন, সে বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখার পাশাপাশি প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।"
সমন্বিত উদ্যোগে প্রবাসীদের ফিরিয়ে আনার দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, "প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন এবং আইএলও-এর যৌথ সমন্বয়ে ঈদের আগের দিন রাতে ১৮৬ জন প্রবাসীকে আমরা দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এ প্রক্রিয়ায় সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ভাইবোনদেরও সহযোগিতা ছিল।"
তবে অনেকেই এখনই দেশে ফিরতে চাইছেন না জানিয়ে শামা ওবায়েদ বলেন, "প্রবাসীরা সেখানে বিভিন্ন পেশা ও কাজে যুক্ত রয়েছেন। কে ফিরবেন আর কে ফিরবেন না, তা মূলত নির্ভর করছে ওইসব দেশের যুদ্ধ পরিস্থিতির ওপর। অনেকেই পরিস্থিতি বিবেচনা করে সেখানে নিজেদের কাজ চালিয়ে যেতে ইচ্ছুক। তবে যাদের জীবনের ঝুঁকি রয়েছে এবং যারা ফিরতে আগ্রহী, প্রয়োজন অনুযায়ী যতগুলো চার্টার্ড ফ্লাইটই লাগুক না কেন, সরকারি খরচে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। আর যারা সেখানে থেকে যাচ্ছেন, তারা যেন নিরাপদে থাকেন সেটিরও সর্বোচ্চ চেষ্টা করছি আমরা।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, "বিগত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনসহ নানা অপরাধে যারা বিচারের মুখোমুখি হয়েছেন এবং যাদের সাজা হয়েছে; সেইসব ব্যক্তিকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে বিএনপি সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।"
What's Your Reaction?
স্টাফ রিপোর্টারঃ