খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগের চেষ্টা

অনলাইন ডেস্কঃ
২২ নভেম্বর, ২০২৬ ১১:৩২ এএম
শেয়ার করুন:
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা হামলা, অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। 

রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম নিজেই এ অভিযোগের কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, গভীর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তাঁর খাগড়াছড়ির গ্রামের বাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। দুর্বৃত্তরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। 

তিনি আরও উল্লেখ করেন, আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় এলাকাবাসীর দ্রুত পদক্ষেপে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে ঘরে থাকা তাঁর বাবা-মা বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান।

জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের ছাত্র-জনতাকে ভয় দেখাতে এ ধরনের হামলা চালানো হচ্ছে অভিযোগ করে সাদিক কায়েম বলেন, "জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের দোসররা রাতের আঁধারে পেট্রোলবোমা ও কাপুরুষোচিত হামলা চালিয়ে আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চাইছে। তবে এসব চোরাগোপ্তা সন্ত্রাসী তৎপরতা আমাদের আন্দোলন ও লড়াইকে আরও দৃঢ় করবে। দেশের মাটিতে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।