নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ৯:০৬ এএম
শেয়ার করুন:
নেশার টাকা না দেওয়ায় মাকে জবাই করে হত্যা, ছেলে আটক

পাবনার ফরিদপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বৃলাহিড়ীবাড়ী ইউনিয়নের লক্ষীকুল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত নারীর নাম মোছা. সূর্যবানু (৬০)। তিনি লক্ষীকুল এলাকার মৃত লোকমান সরদারের স্ত্রী। অভিযুক্ত ছেলের নাম উদ্দিন সরদার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্দিন সরদার মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের লোকজনের ওপর চাপ সৃষ্টি করতেন এবং মায়ের সঙ্গে বিরোধে জড়াতেন। মঙ্গলবার সকালে তিনি আবারও মায়ের কাছে নেশার টাকা চান এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন উদ্দিন। এতে ঘটনাস্থলেই সূর্যবানুর মৃত্যু হয়।

খবর পেয়ে ফরিদপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পর উদ্দিন পাশের একটি বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলে পুলিশ ঘরের জানালার গ্রিল কেটে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ জানান, মূলত নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।