সমালোচিত সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

অনলাইন ডেস্কঃ
২১ অক্টোবর, ২০২৬ ৯:১০ এএম
শেয়ার করুন:
সমালোচিত সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

ক্যারিয়ারজুড়ে শান্ত ও সজ্জন ব্যক্তিত্বের জন্য পরিচিত বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। তবে বিষয়টি নিয়ে বিতর্ক আরও বড় আকার ধারণ করার আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। একই সঙ্গে অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়েছেন এই ক্রিকেটার।

ঘটনার সূত্রপাত সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্টকে ঘিরে। ওই পোস্টে তিনি দাবি করেন, জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব পাওয়ার বিনিয়োগসংক্রান্ত একটি প্রচারণায় অংশ নিয়েছেন। সেই সঙ্গে দেশ থেকে এ ধরনের বিনিয়োগের অর্থ পাঠানোর বৈধতা এবং মাহমুদউল্লাহর মতো একজন দায়িত্বশীল ক্রিকেটারের এমন কার্যক্রমে যুক্ত থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বিষয়টি নজরে আসতেই দ্রুত পদক্ষেপ নেন মাহমুদউল্লাহ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানানোর পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়ে পুরো ঘটনার ব্যাখ্যা দেন তিনি। 

ফেসবুক পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, “সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমার একটি ভিডিওকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। কিছুদিন আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘জমজম ব্রাদার্স’-এর সঙ্গে আমার পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের আমন্ত্রণে তাঁদের অফিসে গেলে, তাঁরা তাঁদের একটি নতুন ব্যবসায়িক প্রকল্পের বিষয়ে একটি ভিডিও করার অনুরোধ জানান।”

প্রকল্পটির পেছনের বিষয়বস্তু সম্পর্কে অবগত ছিলেন না জানিয়ে তিনি আরও লেখেন, “ওই প্রকল্পটি সম্পর্কে আমার আগে থেকে কোনো ধারণা ছিল না এবং এর সঙ্গে আমার কোনো ধরনের ব্যবসায়িক বা অর্থনৈতিক সম্পৃক্ততাও নেই। বিষয়টি জানার পর আমার অনুরোধে তাঁরা কয়েক ঘণ্টার মধ্যেই সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছে।”

ক্যারিয়ারজুড়ে বিতর্কহীন থাকার বিষয়টি উল্লেখ করে মাহমুদউল্লাহ লেখেন, “আমার পুরো ক্যারিয়ারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে সবসময় বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত এই ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে কিংবা কোনো বিভ্রান্তির সৃষ্টি হয়ে থাকলে, আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

ভবিষ্যতে এ ধরনের যে কোনো প্রচারণামূলক কাজের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও বোঝাপড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এই তারকা ক্রিকেটার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।