প্রতিটি মব কিলিংয়ের জন্য ইউনূস সরকারই দায়ী: আব্দুন নূর তুষার

অনলাইন ডেস্কঃ
Feb 25, 2026 - 12:00
প্রতিটি মব কিলিংয়ের জন্য ইউনূস সরকারই দায়ী: আব্দুন নূর তুষার

দেশে চলমান ‘মব জাস্টিস’ বা গণপিটুনিতে মৃত্যুর ঘটনাগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সরাসরি দায়ী করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। তিনি মনে করেন, প্রতিটি মবের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের দায়ভার এই সরকারকেই বহন করতে হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আব্দুন নূর তুষার বলেন, “আমি মনে করি, প্রতিটি মবের হাতে হত্যাকৃত ব্যক্তির জন্য ইউনূস সরকারকে অবশ্যই দায়ী করা যায় এবং দায়ী করা উচিত।”

ড. ইউনূসের পূর্ববর্তী বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, মব জাস্টিসের এই সংস্কৃতি ড. ইউনূস নিজেই শুরু করেছেন কি না। তুষার বলেন, “তিনি কি মব চালু করেননি? উনার পরিষ্কার বক্তৃতা আছে যেখানে তিনি মবকে উৎসাহ দিয়েছেন। উনি মব ধরার জন্য একবার একটা বক্তৃতা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন— ‘গ্রামেও এসব লোক আছে, তোমাদের শরীরে তেজ নাই?’ শরীরের তেজ দিয়ে কি আইন প্রয়োগ করতে হয়? উনার বক্তৃতার মাধ্যমে তিনি স্পষ্টত মবকে উৎসাহিত করেছেন।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এই গণমাধ্যম ব্যক্তিত্ব আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী উনার হাতে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসে আপনি যখন মবকে ‘তেজ’ দেখাতে বলেন, তখন সেটি কি উস্কানি নয়? আইনশৃঙ্খলা বাহিনীর কাজ অপরাধ প্রতিরোধ করা, কিন্তু সরকারের পক্ষ থেকে যখন এমন মন্তব্য আসে, তখন মব জাস্টিস আরও প্রশ্রয় পায়।”

টকশোতে আব্দুন নূর তুষার দেশের বর্তমান পরিস্থিতিতে আইনের শাসন বজায় রাখা এবং মব জাস্টিস বন্ধে সরকারকে আরও কঠোর ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow