লালন আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

অনলাইন ডেস্কঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১:২৫ পিএম
শেয়ার করুন:
লালন আখড়াবাড়ি থেকে টাইম বোমা উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম্ব ডিসপোজাল ইউনিট) বোমাটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে লালন আখড়াবাড়ির ভেতরে একটি সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোনো ধরনের ঝুঁকি এড়াতে রাতেই আখড়াবাড়িতে অবস্থানরত সাধু-ভক্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়।

পরবর্তীতে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তারা ব্যাগটি পরীক্ষা করে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করে এবং বিশেষ সতর্কতার সাথে বোমাটি নিষ্ক্রিয় করে।

এ ঘটনার পর থেকে লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধারণ দর্শনার্থী, সাধু ও ভক্তদের প্রবেশ সাময়িকভাবে সীমিত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুটি বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছিল। বিশেষজ্ঞ দল এসে বোমাটি নিষ্ক্রিয় করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব সেখানে রেখেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ জোর তদন্ত চালাচ্ছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।