গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানের ৬২৭ শ্রমিক ছাঁটাই

অনলাইন ডেস্কঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:৩০ পিএম
শেয়ার করুন:
গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানের ৬২৭ শ্রমিক ছাঁটাই

ব্যাংকিং জটিলতা ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নতার কারণ দেখিয়ে গাজীপুরের কোনাবাড়ীতে কেয়া গ্রুপের চারটি কারখানার ৬২৭ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে চাকরিচ্যুত শ্রমিকরা কারখানার মূল ফটকে জড়ো হতে শুরু করলে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের মূল ফটকে ছাঁটাইকৃত কর্মীদের নামের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ব্যাংকিং জটিলতা, সময়মতো গ্যাস বিল পরিশোধ করতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং অতিরিক্ত প্রশাসনিক ব্যয় কমানোর লক্ষ্যে কয়েকটি বিভাগ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী ৮ সেপ্টেম্বর থেকে ৬২৭ জন অতিরিক্ত শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হলো। 

নোটিশে আরও উল্লেখ করা হয়, শ্রম আইন মেনে ছাঁটাইকৃত কর্মীদের আইনানুগ সকল পাওনা পরিশোধ করা হবে এবং ভবিষ্যতে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আইনের ২১ ধারা অনুযায়ী তাদের অগ্রাধিকার দেওয়া হবে। 

এ বিষয়ে কারখানাটির মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানান, নিয়ম অনুযায়ী ছাঁটাই হওয়া শ্রমিকদের সমুদয় পাওনা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, উৎপাদন ব্যাহত হওয়ার কথা বলে গত ৬ জুন থেকেই কারখানাটিতে দফায় দফায় ‘লে-অফ’ (সাময়িক কাজ বন্ধ) ঘোষণা করে সময় বাড়ানো হচ্ছিল। অবশেষে আজ থেকে তা আনুষ্ঠানিক ছাঁটাইয়ে রূপ নিল। হঠাৎ কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বহু শ্রমিক।

এদিকে বিপুলসংখ্যক শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কারখানা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে মূল ফটকে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।