মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরব না- ঘোষণার রাতেই বিএনপি নেতার মৃত্যু

অনলাইন ডেস্কঃ
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১:১৭ পিএম
শেয়ার করুন:
মৃত্যু ছাড়া নির্বাচন থেকে সরব না- ঘোষণার রাতেই বিএনপি নেতার মৃত্যু

‘আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না’—সহকর্মী ও ভোটারদের সামনে এই দৃঢ় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই না-ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোকন। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সাইফুল ইসলাম খোকন চান্দিনা উপজেলার শুহিলপুর গ্রামের আবদুর রাজ্জাক আরতদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাড়াও এর আগে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সোমবার দিনভর শুহিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও শোডাউন করেন সাইফুল ইসলাম খোকন। তাঁর প্রার্থিতা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আলোচনা চলছিল। তবে গণসংযোগে নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন, ‘আমার মৃত্যু ছাড়া কেউ আমাকে নির্বাচন থেকে সরাতে পারবে না।’

গণসংযোগ শেষে রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতে ফেরেন। খোকনের বাবা আবদুর রাজ্জাক জানান, সারাদিন প্রচার-প্রচারণা শেষে রাতে বাড়িতে এসে ঘুমাতে যান তিনি। এরপর রাত ১২টার দিকে হঠাৎ শরীরে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে চান্দিনার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত আনুমানিক ১টার দিকে তাঁর মৃত্যু হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

সাইফুল ইসলাম খোকনের ভাগিনা সাদ্দাম হোসেন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।