৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়া সেই সাবদুল্লাহ আটক

অনলাইন ডেস্কঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৫:১৩ পিএম
শেয়ার করুন:
৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়া সেই সাবদুল্লাহ আটক

জামালপুরের মাদারগঞ্জে মাত্র ৫০০ টাকার বাজির জেরে একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে কাঁচা মাংস খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত সাবদুল্লাহকে আটক করেছে পুলিশ। 

বুধবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, কয়েকজন মানুষের উপস্থিতিতে এক ব্যক্তি একটি জীবন্ত শালিক পাখির পালক ও চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস খাচ্ছেন। এ সময় ৫০০ টাকার বাজি ধরা নিয়ে তাকে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলতেও শোনা যায়। এমন অমানবিক ও নিষ্ঠুর দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। 

স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, রাইসুল ইসলাম নামের এক ব্যক্তি ভিডিওটি তাকে পাঠান। পরে খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওতে জীবন্ত পাখির মাংস খেতে দেখা ওই ব্যক্তির নাম সাবদুল্লাহ। 

ভিডিওটি নজরে আসার পরপরই পুলিশ অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে তৎপর হয়। পরে বুধবার দুপুরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কোয়ালিকান্দি মধ্যপাড়ায় নিজ বাড়ি থেকে সাবদুল্লাহকে আটক করে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, “ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগকে জানানো হয়েছে। তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।