এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা পরমপূজ্যপাদ শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) থেকে উপজেলার শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে এ উৎসব শুরু হয়। মূল ধর্মীয় অনুষ্ঠান চলবে আগামী রবিবার (২৯ নভেম্বর) পর্যন্ত।
বুধবার সকালে আশ্রম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সঙ্ঘের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ। পরে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কমল দত্ত, সাংগঠনিক সম্পাদক শ্রী ভক্ত স্বর্ণকার এবং কেন্দ্রীয় কমিটির কর্মী প্রধান শ্রী রতন লাল কর প্রমুখ। এছাড়া আশ্রম কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, কর্মকর্তা ও ভক্ত-পুণ্যার্থীরা এতে উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। এতে দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি ভারত ও নেপাল থেকেও বিপুলসংখ্যক ভক্ত, পুণ্যার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটছে।
এদিকে উৎসবকে ঘিরে আশ্রম সংলগ্ন মাঠে বসেছে মাসব্যাপী গ্রামীণ মেলা। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, কাঠ ও আসবাবপত্রের পসরা এবং নাগরদোলাসহ শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন রয়েছে। এতে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও ভিড় জমছে।
উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।
উৎসবের সার্বিক পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার আহ্বায়ক এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
খুলনা | ২৫ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।