শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৫:১৫ পিএম
শেয়ার করুন:
শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি এবং ভুক্তভোগী শিশুর নানি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সুমন হাওলাদার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৬ জুন স্থানীয় ওই শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন সুমন হাওলাদার। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়।

আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় দেন। 

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রাব্বানী ভূঁইয়া বলেন, “শিশুদের ওপর এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে আদালতের এই দৃষ্টান্তমূলক রায় অপরাধীদের জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে। আমরা আশা করি, এ রায় সমাজে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।