নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
২৬ নভেম্বর, ২০২৬ ৪:২৫ পিএম
শেয়ার করুন:
নেছারাবাদে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপিত

পিরোজপুরের নেছারাবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। 

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। 

সভায় প্রধান আলোচক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ বলেন, "দেশের অর্থনীতি চাঙ্গা রাখা, বেকারত্ব দূরীকরণ ও পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের অবদান অনস্বীকার্য। আধুনিক ও বিজ্ঞানসম্মত উপায়ে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, রোগবালাই প্রতিরোধ এবং নিয়মিত টিকাদান নিশ্চিত করার মাধ্যমে খামারিরা উৎপাদন বহুগুণ বাড়াতে পারেন। এ লক্ষ্যে প্রাণিসম্পদ দপ্তর প্রান্তিক খামারিদের সব ধরনের পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।"

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, "জাতীয় পুষ্টির চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষের উৎপাদন বাড়াতে আধুনিক খামার ব্যবস্থাপনার বিকল্প নেই। এ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং বিদ্যমান খামারিদের উৎসাহিত করতে প্রশাসন সবসময় পাশে থাকবে।"

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারীবৃন্দ, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং নতুন উদ্যোক্তারা আধুনিক খামার গড়তে উদ্বুদ্ধ হবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।