বোয়ালমারীতে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
২২ নভেম্বর, ২০২৬ ১২:০৪ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে নানা আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ফরিদপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি, বোয়ালমারী শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন সেনা কর্পোরাল (অব.) আলহাজ্ব আব্দুল হাসেম। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান। অনারারি ক্যাপ্টেন (অব.) শরীফ গোলজার রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. সরোয়ার হোসেনের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট (অব.) মো. চুন্নু বিশ্বাস ও সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এলিম বিশ্বাস, অনারারি ক্যাপ্টেন (অব.) সৈয়দ কামরুজ্জামান, কাজী এনামুল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মোল্লা মনিরুজ্জামান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. ওসমান আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. আব্দুল কুদ্দুস এবং ওয়ারেন্ট অফিসার (অব.) মো. শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রোকনুজ্জামান বকুল, সৈনিক (অব.) মো. রবিউল খান, কর্পোরাল (অব.) এম কামরুজ্জামানসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধে তাদের অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনীর ভূমিকা অনন্য। বাহিনীর সদস্যদের দেশপ্রেম, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও আত্মত্যাগ সমগ্র জাতির জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য বজায় রাখা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর সকল বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। এ ছাড়া কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে পাঁচজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। আলোচনা সভা শেষে এক উন্মুক্ত র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং প্রীতি মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।