মাসে ২১ হাজার টাকা বাড়ি ভাড়া পান অধ্যক্ষ, তবুও থাকেন প্রশাসনিক ভবনে

অনলাইন ডেস্কঃ
১৪ অক্টোবর, ২০২৬ ৫:৩১ পিএম
শেয়ার করুন:
মাসে ২১ হাজার টাকা বাড়ি ভাড়া পান অধ্যক্ষ, তবুও থাকেন প্রশাসনিক ভবনে

সরকারি বিধি অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা হিসেবে মাসে তিনি পান ২১ হাজার টাকারও বেশি। অথচ সেই ভাতার টাকা নিয়েও পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রশাসনিক ভবনের একটি কক্ষে নিয়মিত রাতযাপন করছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। 

প্রশাসনিক ভবনের চতুর্থ তলার ৪০৭ নম্বর কক্ষটির বাইরে নেমপ্লেট টানানো রয়েছে ‘স্কাউট রুম-রোভার ডেন’। গত ২১ মে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নিয়মবহির্ভূতভাবে সেখানে থাকছেন। তবে কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনে তিনি প্রশাসনিক ভবনে থাকছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি অধ্যক্ষ। 

সরেজমিনে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে গিয়ে দেখা যায়, মূল ফটক বন্ধ। চুক্তিভিত্তিক গেটম্যান মাহমুদুল রশিদ মামুন ফটক খুলে দিলে প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় যাওয়া হয়। সেখানে ‘স্কাউট রুম-রোভার ডেন’ লেখা ৪০৭ নম্বর কক্ষের দরজায় কড়া নাড়লে ভেতর থেকে বেরিয়ে আসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল। কক্ষের ভেতরে দেখা যায় একটি চৌকি, টেবিল, কেবিনেট ও টানানো কিছু পোশাক। 

এ সময় অধ্যক্ষ মোস্তফা কামাল স্বীকার করেন, মে মাসে প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে তিনি নিয়মিত এই কক্ষেই রাত কাটাচ্ছেন। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানে চুরি প্রতিরোধের লক্ষ্যেই তিনি সেখানে অবস্থান করছেন। তবে প্রতিষ্ঠানের মূল ফটকের পাশেই যেখানে নৈশপ্রহরীর সার্বক্ষণিক থাকার ব্যবস্থা রয়েছে, সেখানে বাড়ি ভাড়া পাওয়ার পরও অধ্যক্ষের এভাবে প্রশাসনিক ভবনে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, ভাড়ার টাকা সাশ্রয় করতেই তিনি এ পথ বেছে নিয়েছেন। 

সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল হবিগঞ্জের বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদানের পর তাঁকে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সংযুক্ত করা হয়। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে তাঁর মূল বেতন ৬০ হাজার ৭৭০ টাকা। নিয়মানুযায়ী ৩৫ শতাংশ হারে তিনি প্রতি মাসে ২১ হাজার ২৬৯ টাকা বাড়ি ভাড়া ভাতা পান। সে হিসাবে বাড়ি ভাড়া বাবদ সরকারি কোষাগার থেকে তিনি বছরে পান ২ লাখ ৫৫ হাজার ২২৮ টাকা। 

এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) খন্দকার মো. নাহিদ হাসান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ওনার সঙ্গে কথা হয়েছে। তিনি খুব দ্রুতই ক্যাম্পাসের বাইরে বাসা ভাড়া নিয়ে চলে যাবেন বলে জানিয়েছেন।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।