আগৈলঝাড়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৪ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজিব। 

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শিশির কুমার গাইন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা এবং আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ডা. গোলাম মোর্শেদ সজিব হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, চিকিৎসাসেবার কাঙ্ক্ষিত মান নিশ্চিত করতে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু ব্যবহার জরুরি। একই সঙ্গে তিনি হাসপাতালে নতুন ডেন্টাল ইউনিটের জন্য এক্স-রে মেশিন ও জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিন সংকট, রোগীদের বসার আসনের অপ্রতুলতা, পরিচ্ছন্নতাকর্মীর অভাব এবং অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রান্তিক ও সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। রোগীদের মানসম্মত সেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখা অত্যন্ত জরুরি।" তিনি সরকারি সম্পদের সর্বোচ্চ সদ্ব্যবহার এবং বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। 

এ সময় হাসপাতালের জরুরি চাহিদা মেটাতে ইউএনও তাৎক্ষণিকভাবে নতুন ডেন্টাল ইউনিটের এক্স-রে মেশিন ক্রয়ের জন্য এক লাখ টাকা এবং জলাতঙ্কের (র‌্যাবিস) ভ্যাকসিন সংগ্রহের জন্য আরও এক লাখ টাকা—সর্বমোট দুই লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।

সভায় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ও হয়রানি ছাড়াই চিকিৎসাসেবা পেতে পারেন, সে লক্ষ্যে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।