আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৪ অক্টোবর, ২০২৬ ৭:৩৮ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড়-আস্কর সড়কের পূর্ব পাশে বাশতলা থেকে রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দির ও রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য নির্মিত এইচবিবি (ইটের সলিং) রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে পরিতোষ বৈষ্ণবের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ওই এলাকায় ৩০০ ফুট ইটের সলিং রাস্তার কাজ প্রায় দুই মাস আগে সম্পন্ন হয়। গত শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব কয়েকজনকে সঙ্গে নিয়ে রাস্তার জায়গাটি নিজেদের দাবি করে মাঝামাঝি অংশের প্রায় ৫০ ফুট ইটের সলিং তুলে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।

এলাকাবাসী জানান, ওই গ্রামে একটি এনজিও পরিচালিত রামদেবের পাড় প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৮০ থেকে ৯০ জন শিক্ষার্থী পড়াশোনা করে। পাশাপাশি রামদেবের পাড় সার্বজনীন দুর্গা মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দীর্ঘদিন ধরে নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন।

সামনে শারদীয় দুর্গোৎসব। এর আগে রাস্তার ইট তুলে ফেলায় মন্দিরে পূজা-অর্চনা ও দুর্গোৎসবে আগত দর্শনার্থীদের যাতায়াতে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের চলাচলেও সমস্যা সৃষ্টি হবে বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি শশীভূষণ বৈষ্ণব বলেন, “পরিতোষ বৈষ্ণব রাতের আঁধারে রাস্তার ইট তুলে ফেলায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সনাতন ধর্মাবলম্বীরা সমস্যায় পড়বেন।”

বাগধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ রায় হৃদয় বলেন, সরকারি অর্থায়নে মাটির রাস্তার ইটের সলিংয়ের কাজ দুই মাস আগে শেষ হয়েছিল। কিন্তু শনিবার রাতে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লক্ষীকান্ত বৈষ্ণবের ছেলে পরিতোষ বৈষ্ণব রাস্তার ইট তুলে ফেলেছেন।

বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, “স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছি। তিনি সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।”

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, “রাস্তার ইট তুলে ফেলার বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি)কে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই রাস্তায় একটি স্কুল ও মন্দির থাকায় বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় সমাধান করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।