নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৬৭, মুচলেকায় পরিবারের জিম্মায় ৬২

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩১ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: আটক ৬৭, মুচলেকায় পরিবারের জিম্মায় ৬২

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করেছে জেলা পুলিশ। পরে আটক ব্যক্তিদের মধ্যে ৬২ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজাসহ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার দিনব্যাপী জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে মোট ২৫টি অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে আটক হওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত না থাকায় সুধারাম মডেল থানা থেকে ৭ জন, কোম্পানীগঞ্জে ৭ জন, বেগমগঞ্জ মডেল থানায় ১৩ জন, সেনবাগে ১১ জন, চাটখিলে ১১ জন, চরজব্বারে ১১ জন এবং সোনাইমুড়ী থানা থেকে ২ জনসহ মোট ৬২ জনকে তাদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাকিদের মধ্যে সোনাইমুড়ী থানায় একজনকে ১৫১ ধারায় এবং অপর একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া কবিরহাট থানায় আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার জানান, কিশোরদের অপরাধপ্রবণতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুপথে রাখতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।