ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩০ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে রাজু শেখ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এই টাকা আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীর পরিবারকে হস্তান্তর করতে জেলা কালেক্টরকে (জেলা প্রশাসক) নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত রাজু শেখ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঅযোধ্যা ঢালারপাড় গ্রামের দুলু শেখের ছেলে। রায় ঘোষণার পর কড়া পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মার্চ রাতে ভুক্তভোগী কিশোরীর মুখে গামছা বেঁধে তাকে একটি নির্জন ছাপড়া ঘরে তুলে নিয়ে যান প্রতিবেশী রাজু শেখ। সেখানে তাকে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয়। পরদিন ভোরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় কিশোরীকে ঘরের পেছন থেকে উদ্ধার করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় ঘটনার তিন দিন পর, অর্থাৎ ৪ মার্চ কিশোরীর মা বাদী হয়ে রাজু শেখকে একমাত্র আসামি করে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে চরভদ্রাসন থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন একই বছরের ২৫ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “রাষ্ট্রপক্ষ এ রায়ে সম্পূর্ণ সন্তুষ্ট। সমাজে ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে এই রায় একটি কঠোর ও ইতিবাচক বার্তা বহন করবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।