ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত: পর্যটন খাতের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৫ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত: পর্যটন খাতের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ

আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে জেলার পর্যটন খাতের আধুনিকায়ন এবং ব্র্যান্ডিংয়ের প্রত্যয়ে ফরিদপুরে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, বর্তমান সময়ে পর্যটন খাতকে এগিয়ে নিতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ প্রয়োগ অত্যন্ত জরুরি। ফরিদপুরের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে দেশ ও বিদেশের ভ্রমণপিপাসুদের কাছে পৌঁছে দিতে সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে হবে। 

বক্তারা আরও উল্লেখ করেন, ভ্রমণকারীদের যাতায়াত, আবাসন, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি সহজতর করতে ডিজিটাল ম্যাপ, ভার্চুয়াল ট্যুর এবং অনলাইন তথ্যভান্ডার (ডাটাবেজ) তৈরি সময়ের দাবি। এছাড়াও জেলার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) জোরদার এবং তরুণ সমাজকে পর্যটনভিত্তিক ডিজিটাল উদ্ভাবনে যুক্ত করে নতুন কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানানো হয়। 

সভায় পর্যটনকেন্দ্রগুলোতে সাইবার নিরাপত্তাসহ সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন শিল্পের বিকাশে জেলার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশ এবং ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় হোটেল মালিক সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।