আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৮ এএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের নেতৃত্বে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাশাইল বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জমে থাকা বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গুর বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সারোয়ার হোসেন মিয়া, রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী ও সদস্য সচিব শ্যামল ঘটক, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা এবং স্থানীয় ব্যবসায়ী মেজবা উদ্দিন। এ ছাড়া স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বলেন, “অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র। ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে হাট-বাজার এলাকায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবার নজর রাখতে হবে।” তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বসাধারণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।