নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ এএম
শেয়ার করুন:
নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী আটক

নওগাঁয় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার বলিহার ব্রিজ এলাকা থেকে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের সহযোগিতায় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তাঁরা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, “দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নওগাঁয় জড়ো হচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেন। পরবর্তীতে স্থানীয় বলিহার ও ভীমপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় মিছিলের প্রস্তুতিকালে তাঁদের ঘেরাও করে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের নিজেদের হেফাজতে নেয়।”

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিব জানান, খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ নেতাকর্মীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 

ওসি আরও বলেন, “দেশকে অস্থিতিশীল করার মতো কোনো নাশকতামূলক পরিকল্পনা তাঁদের ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।