সন্তান না হওয়ায় তালাক, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

অনলাইন ডেস্কঃ
১৬ নভেম্বর, ২০২৬ ৪:৩৭ পিএম
শেয়ার করুন:
সন্তান না হওয়ায় তালাক, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

সাত বছর আগে সুখের সংসার গড়ার স্বপ্ন নিয়ে স্বামীর হাত ধরেছিলেন ইতি আক্তার। তবে ভাগ্যের নির্মম পরিহাসে তাঁর কোলজুড়ে আসেনি কোনো সন্তান। আর এই অজুহাতেই শ্বশুরবাড়িতে দিনের পর দিন সইতে হয়েছে মানসিক নির্যাতন ও কটুকথা। শেষ পর্যন্ত স্বামীর পা ধরে কেঁদেও রক্ষা করতে পারেননি সাজানো সংসার। বিচ্ছেদের এই কষ্টের গল্প সামনে আসার পর দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব পেয়েছেন ইতি। তবে অতীত ভুলে এখন কারও ওপর নির্ভর না করে নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে বাঁচতে চান এই নারী।

ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের। ইতি আক্তার জানান, সাত বছরের দাম্পত্য জীবনে সন্তান না হওয়াকে কেন্দ্র করে দীর্ঘ সময় শ্বশুরবাড়িতে তাঁকে অবহেলা ও অপমান সহ্য করতে হয়েছে। কয়েক মাস আগে পরিস্থিতি চরমে পৌঁছালে একপর্যায়ে তাঁকে প্রায় আড়াই মাস একা থাকতে হয়। সংসারটি টিকিয়ে রাখতে শেষবারের মতো স্বামীর কাছে ছয়টি মাস সময় চেয়েছিলেন ইতি; এমনকি স্বামীর পা ধরেও অনুরোধ করেছিলেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রনি খানের। উল্টো ইতিকে ঘর থেকে বের করে দিয়ে বৈবাহিক সম্পর্কের ইতি টানা হয়। 

এদিকে মা-হারা মেয়েকে সুখে রাখতে নিজের সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েছিলেন বাবা রিকিব আলী সরদার। মেয়ের সংসারের সহযোগিতা ও আবদার মেটাতে জমি বন্ধক রেখেছেন, নিয়েছেন কৃষিঋণ, এমনকি বিক্রি করেছেন বাড়ির গাছপালাও। কিন্তু শেষ পর্যন্ত মেয়ের সংসার ভেঙে যাওয়ায় ভীষণভাবে ভেঙে পড়েছেন এই অসহায় বাবা। তিনি বলেন, "মেয়ের সুখের জন্য সাধ্যের বাইরে গিয়ে সবকিছু করেছি। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে তাকে সংসার ছাড়তে হলো। এখন সরকারের কাছে আমার একটাই আবেদন—আমার মেয়ের জন্য যেন একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যাতে সে সম্মানের সঙ্গে বাঁচতে পারে।"

সংসার হারানোর পর ইতির কষ্টের জীবনের কথা জেনে ভাইয়ের মাধ্যমে ও সরাসরি ফোনকলে দেশ-বিদেশ থেকে তিন শতাধিক বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। এখনও প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রস্তাব আসছে। তবে আপাতত বিয়ে নিয়ে কোনো ভাবনাই নেই তাঁর। 

ইতি আক্তার বলেন, "সন্তান না হওয়ার কারণে সমাজ ও শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে যে মানসিক আঘাত পেয়েছি, তা কাটিয়ে উঠতে আমার সময় লাগবে। বর্তমানে প্রতিদিন বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু আমি আপাতত বিয়ে করতে চাই না। ভবিষ্যতে কখনো বিয়ের কথা ভাবলে এমন একজন মানুষ চাইব, যিনি ভালো মনের হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে ভাগ্যের লিখন হিসেবে মেনে নেবেন; এটি নিয়ে কখনো কটু কথা বলবেন না।"

ইতি আরও জানান, তাঁর এখন একমাত্র লক্ষ্য আত্মনির্ভরশীল হওয়া। কোনো চাকরি বা কর্মসংস্থানের মাধ্যমে নিজের পায়ে দাঁড়িয়ে নতুন করে জীবন শুরু করতে চান তিনি। এ বিষয়ে সরকার ও বিত্তবানদের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি।

ইতির সহপাঠী সোহাগসহ স্থানীয়রা জানান, সন্তান না হওয়ার দায় কেবল একজন নারীর ওপর চাপিয়ে দিয়ে এমন অমানবিক আচরণ অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে কোনো সহানুভূতি না দেখিয়ে গৃহহীন করা সমাজের পুরুষতান্ত্রিক সংকীর্ণ মানসিকতারই বহিঃপ্রকাশ। এই সময়ে ইতির পাশে দাঁড়িয়ে তাঁকে স্বাবলম্বী হতে সহায়তা করা সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। 

একসময় যে সংসার বাঁচাতে ইতি স্বামীর পা ধরে কেঁদেছিলেন, আজ সেই অতীত পেছনে ফেলে তিনি নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। বিয়ের অজস্র প্রস্তাবের ভিড়েও এখন তাঁর চোখে নতুন সংসারের বদলে একটাই স্বপ্ন—নিজের পায়ে দাঁড়ানো, আত্মমর্যাদা আর স্বাবলম্বী হয়ে সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।