সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২৫ নভেম্বর, ২০২৬ ৬:৩৬ পিএম
শেয়ার করুন:
সদরপুরে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে ‘উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল মাঠে অনুষ্ঠিত ফাইনালে বি-বাড়িয়া একাদশকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নগরকান্দা উপজেলার অনির্বাণ যুব সংঘ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওনের সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা। 

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন বলেন, শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিয়মিত ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম, আর ভলিবল এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খেলা। কেবল লেখাপড়া করে চাকরি করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়, পড়াশোনার পাশাপাশি ভালো খেলোয়াড় হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে। 

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার হিসেবে আকর্ষণীয় ফ্রিজ ও টেলিভিশন তুলে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।