আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, ছাত্রদলের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

অনলাইন ডেস্কঃ
২৩ নভেম্বর, ২০২৬ ১০:৪১ পিএম
শেয়ার করুন:
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, ছাত্রদলের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের অন্তত পাঁচজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া রঙ্গিলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন— মিজান খাঁ (২২), রিফাত (২৬), মহিদুল ইসলাম (২৫), রিসাদ (২৮) ও রবিউল ইসলাম (২৬)। 

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন।

আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ইসলামপাড়া রঙ্গিলা মোড় অতিক্রম করার সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে মিছিলে থাকা ওই পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোলাগুলিতে পাঁচজন আহত হওয়ার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।