রাজধানীর ন্যাম ভবন থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ৯:১৬ পিএম
শেয়ার করুন:
রাজধানীর ন্যাম ভবন থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (জামায়াত থেকে বহিষ্কৃত) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাত ৭টা ৪০ মিনিটের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফ্ল্যাটের একটি কক্ষের জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখা যায়। মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে সিআইডি এবং পিবিআইয়ের ক্রাইমসিন ও ফরেনসিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। সংশ্লিষ্ট দলগুলো এসে আলামত সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে জানা গেছে, একই দিনে রাজধানীর পল্লবী থানার একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেন গাজী নজরুল ইসলাম। তিনি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সশরীরে উপস্থিত থেকে এই জামিননামা জমা দেন।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার জেরে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন গাজী নজরুল ইসলাম। এরপর নৈতিক স্খলনের অভিযোগে তাঁকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।