নোয়াখালীতে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
১৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৩ এএম
শেয়ার করুন:
নোয়াখালীতে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

নোয়াখালী সদর উপজেলায় চুরির অপবাদ দিয়ে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, নিহত কবির হোসেন একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বেলালের দোকানের সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কবির হোসেন নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজারসংলগ্ন গাইনেগো বাড়ির বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার নোয়াখালী শহরের সোনাপুর পেট্রলপাম্প-সংলগ্ন ‘হাসিব ওয়ার্কশপ’ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরির দাবি করেন প্রতিষ্ঠানটির মালিক মো. হোসেন। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে তিনি ওয়ার্কশপের সিসিটিভি ফুটেজ নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে সবার সহযোগিতা চান। পরদিন মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ইসলামগঞ্জ বাজার এলাকার এক ব্যক্তি সিসিটিভি ফুটেজের ব্যক্তির সঙ্গে কবিরের মিল পেয়ে ওয়ার্কশপ মালিক হোসেনকে মুঠোফোনে বিষয়টি জানান। 

খবর পেয়ে ওয়ার্কশপ মালিক হোসেন তার লোকজন নিয়ে ইসলামগঞ্জ বাজারে যান। বিকেল চারটার দিকে চুরির অভিযোগ তুলে কবির হোসেনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মারধরে কবির গুরুতর আহত হলে তাকে ইসলামগঞ্জ বাজার থেকে প্রায় ১০-১৫ কিলোমিটার দূরে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্যাতনের একপর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ বেলালের দোকানের সামনে ফেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এদিকে ঘটনার সময় কবিরকে নির্যাতনের একটি ৮ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে রক্তাক্ত ও আহত অবস্থায় কবিরকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করতে দেখা যায়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির অভিযোগে ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।