এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে লাইসেন্সবিহীন অবৈধ সার বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার জের ধরে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তার ওপর অতর্কিত হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘিরজান বাজারে এ হামলার শিকার হন বিপুল কুমার মল্লিক (৪৬) নামের ওই কর্মকর্তা।
এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা বাদী হয়ে অভিযুক্ত সার ব্যবসায়ী মো. বাবুল মোল্লার (৫৫) বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্ত বাবুল মোল্লা দীঘিরজান এলাকার বাসিন্দা।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই বাবুল মোল্লা দীঘিরজান বাজারে সার বিক্রি করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব ও উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশার যৌথ নেতৃত্বে ওই বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপুল কুমার মল্লিক।
অভিযানকালে বাবুল মোল্লার দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে ২ বস্তা ইউরিয়া, সাড়ে ৩ বস্তা ডিএপি, ১ বস্তা এমওপি এবং ৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব ব্যবসায়ী বাবুল মোল্লাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষ করে ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর বিকেলে কর্মকর্তা বিপুল কুমার মল্লিক ব্যক্তিগত কাজে বাজারে গেলে বাবুল মোল্লা তাঁর পথরোধ করেন। অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার অভিযোগে বাবুল মোল্লা তাঁকে “উচিত শিক্ষা” দেওয়ার কথা বলে বাঁশের লাঠি ও দোকানের সাটার লাগানোর রড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে ওই কর্মকর্তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে হামলাকারী তাঁকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে স্থানীয় লোকজন ও থানা-পুলিশ আহত কর্মকর্তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা বলেন, "সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লাইসেন্সবিহীন সার বিক্রির দায়ে বাবুল মোল্লাকে জরিমানা ও সার জব্দ করা হয়। অভিযানের সময়ও তিনি আমাদের সাথে অসদাচরণ করেছিলেন। পরে আমরা সেখান থেকে ফিরে আসার পর তিনি আমাদের কর্মকর্তা বিপুল মল্লিকের ওপর অতর্কিত হামলা চালান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিস্তারিত জানানো হয়েছে।"
নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাবিব জানান, অবৈধভাবে মজুত করা সার জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। অভিযান শেষে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এ বিষয়ে সম্মিলিতভাবে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, সরকারি দায়িত্ব পালনের জের ধরে এক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।