সালথায় মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৪ অক্টোবর, ২০২৬ ১০:৪৫ এএম
শেয়ার করুন:
সালথায় মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের জেরে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথায় তিন মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে দুটি দোকান ভাঙচুর ও একটি খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের তিন শিক্ষার্থী রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের একটি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করেন। মঙ্গলবার বিকেলে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে রামকান্তপুর গ্রামের তিন যুবক তাঁদের উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে বিভাগদী গ্রামের কয়েকজন যুবক ওই তিন যুবকের পথরোধ করে তাঁদের মারধর করেন। 

এ খবর রামকান্তপুর ও আশপাশের গ্রামে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। এ সময় হামলা চালিয়ে দুটি দোকান ভাঙচুর করা হয় এবং একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। 

খবর পেয়ে সালথা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, "সংঘর্ষের খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।