চরভদ্রাসনে পুলিশের পৃথক অভিযান: হেরোইন ও ইয়াবাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
৬ নভেম্বর, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসনে পুলিশের পৃথক অভিযান: হেরোইন ও ইয়াবাসহ তিনজনের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে আধা গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় এসব অভিযান চালানো হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে চরভদ্রাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অপর একজন পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলীর নেতৃত্বে এসআই মুজাহিদসহ পুলিশের একটি দল উপজেলার চরহাজীগঞ্জ ও আশপাশের এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে সকাল আনুমানিক ৭টার দিকে বেপারী ডাঙ্গী এলাকায় রউফ মেম্বারের বাড়ির সামনের সড়ক থেকে এলাহি খান (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ছয় হাজার টাকা মূল্যের আধা গ্রাম হেরোইন জব্দ করা হয়। আটক এলাহি খান ফরিদপুর কোতোয়ালি থানাধীন বিল মাহামুদপুর এলাকার মৃত মজিবর খানের ছেলে। বিক্রির উদ্দেশ্যে মাদক নিজের দখলে রাখার অভিযোগে তার বিরুদ্ধে চরভদ্রাসন থানায় একটি মামলা (মামলা নং-০৩) দায়ের করা হয়েছে।

এদিকে একই দিন সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে একই এলাকার গিয়াস বেপারীর বাড়ির সামনের রাস্তায় দ্বিতীয় দফা অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আনুমানিক তিন হাজার টাকা মূল্যের ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় মৃত মুনছুর বেপারীর ছেলে গিয়াস বেপারী (৪২) ও মো. জামাল বেপারীর ছেলে মানিক বেপারীর (২৭) বিরুদ্ধে থানায় আরেকটি মামলা (মামলা নং-০৪) দায়ের করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত মানিক বেপারী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।” তিনি মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।