পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান: আগেই বদলি নিয়ে সটকে পড়লেন অভিযুক্ত আনসার সদস্যরা

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৯ নভেম্বর, ২০২৬ ৭:৫২ পিএম
শেয়ার করুন:
পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান: আগেই বদলি নিয়ে সটকে পড়লেন অভিযুক্ত আনসার সদস্যরা

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও দুর্নীতির অভিযোগে ঝটিকা অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে দুদক দল পৌঁছানোর আগেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আনসার সদস্যরা তড়িঘড়ি বদলি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন বলে জানিয়েছে অভিযানকারী দল।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

দুদক সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে কার্যালয়ের সার্বিক কার্যক্রম ও সেবার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন দুদক কর্মকর্তারা। এ সময় পাসপোর্ট অফিসের ভেতরে ও বাইরে সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত সন্দেহে দালালচক্রের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

তবে অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিলেন দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত কয়েকজন আনসার সদস্য। দুদক প্রতিনিধি দলের অভিযোগ, অভিযানের বিষয়টি টের পেয়ে কিংবা এর আগেই অভিযুক্ত আনসার সদস্যরা কৌশলে বদলি নিয়ে কর্মস্থল ছেড়ে চলে যান। ফলে তাৎক্ষণিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ বা জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।

অভিযান পরিচালনাকারী দুদক সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুরের সহকারী পরিচালক মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালালচক্রের সক্রিয়তা ও দুর্নীতির অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়। কিন্তু অভিযুক্ত আনসার সদস্যরা আগেই কর্মস্থল ত্যাগ করায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা যায়নি।

তিনি আরও জানান, পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা দালালচক্র এবং কর্মকর্তাদের সঙ্গে তাঁদের আর্থিক লেনদেনের বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।