ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর দায়ে ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৯ নভেম্বর, ২০২৬ ৫:২৯ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর দায়ে ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, ঘটনার দৃশ্য ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত আট আসামিই কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খাঁ (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তাঁরা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।

ঘটনার পটভূমি ও মামলা:
আদালত ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকে পরিচিত এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফরিদপুরে আসে ওই কিশোরী। বন্ধুর পৌঁছাতে দেরি হওয়ায় সে শহরতলির ধলার মোড় এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে নদীর পাড়ে কাশবনের কাছে অপেক্ষারত কিশোরীকে একা পেয়ে আট যুবক দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করে। পরবর্তী সময়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

ঘটনার প্রায় আট মাস পর ২০২০ সালের আগস্টে ভিডিওটি পুলিশের নজরে আসে। ভুক্তভোগী কিশোরীকে তাৎক্ষণিকভাবে খুঁজে না পাওয়া গেলেও ঘটনার সত্যতা পেয়ে ২০২০ সালের ৫ আগস্ট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে প্রথমে শাহীন নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শনাক্ত করে বাকি সাতজনকেও গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আইয়ুব আলী তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি আট আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

আইনজীবীর প্রতিক্রিয়া:
রায়ের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, “ঘটনার পর ভুক্তভোগী তরুণীর সন্ধান মেলেনি। তবে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করে স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে এবং আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনে। বিচার চলাকালে আসামিরা নিজেদের অপরাধ স্বীকার করেন এবং একে অপরের বিরুদ্ধে জবানবন্দি দেন। তা ছাড়া ভিডিওটির ফরেনসিক পরীক্ষায় অপরাধের সত্যতা এবং ভিডিওতে থাকা আসামিদের পোশাকের বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে।”

তিনি আরও বলেন, “যাবতীয় তথ্য-উপাত্ত ও আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি কঠোর বার্তা পৌঁছে গেল যে, এমন জঘন্য অপরাধ করে কেউ পার পাবে না।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।