এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ‘ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট’-এর প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষা, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কথিত দখল, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ট্রাস্টের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন লাকী মিত্র। লিখিত বক্তব্যে মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপু নামের দুজনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ভাঙচুর ও নানা অপতৎপরতার অভিযোগ তোলা হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ২০২৪ সালের ২৪ এপ্রিল মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুকে ট্রাস্ট থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই তারা ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া এবং এর স্থাবর-অস্থাবর সম্পত্তি দখলের চক্রান্ত চালিয়ে আসছেন।
ট্রাস্ট কর্তৃপক্ষের অভিযোগ, বহিষ্কৃত ব্যক্তিরা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া প্রতিষ্ঠানে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, ভাঙচুরে প্রায় ৫৬ লাখ টাকা এবং লুটপাটে প্রায় ৪২ লাখ টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মঞ্জু বালা নিজেকে প্রয়াত ড. জন নিহার বিশ্বাসের স্ত্রী দাবি করে একটি কথিত কাবিননামা/বিবাহ সনদের মাধ্যমে ওয়ারিশ হওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত গণশুনানিতে যথাযথ প্রমাণ দাখিল করতে ব্যর্থ হওয়ায় তার আবেদন বাতিল করা হয়। বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা প্রতিষ্ঠানে অনধিকার প্রবেশ, কর্মীদের দায়িত্ব পালনে বাধা এবং ট্রাস্টের সম্পত্তি দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছেন। পাশাপাশি ট্রাস্টের পরিচালক ও কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের ও হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে।
ট্রাস্ট কর্তৃপক্ষ উল্লেখ করে, এই প্রতিষ্ঠানের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রমের ওপর এলাকার প্রায় ৬০০ থেকে ৭০০ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এ ছাড়া ট্রাস্টের ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের জীবিকাও এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। অনাকাঙ্ক্ষিত কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক সাধারণ মানুষের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে।
এ পরিস্থিতিতে ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের সম্পত্তি রক্ষা, কর্মীদের নিরাপত্তা বিধান এবং সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।