নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৯ এএম
শেয়ার করুন:
নওগাঁয় ৪৭ হাজার টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোট এবং নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার তারিকুল ইসলাম মল্লিক স্থানীয় পয়না বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—পয়না বাজারে নিজ মালিকানাধীন ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল নোট তৈরি করা হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে বিকেল সোয়া ৩টার দিকে ওই দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানের সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারিকুলের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট (মোট ৪৭ হাজার টাকা) উদ্ধার করা হয়। 

পরবর্তীতে দোকানে তল্লাশি চালিয়ে জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। জব্দকৃত কম্পিউটার পরীক্ষা করে তাতে জাল নোট তৈরির বিভিন্ন প্রমাণাদি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার তারিকুল ইসলামের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ডিবি পুলিশ জানায়, জাল নোট তৈরি এবং তা বাজারে ছড়িয়ে দেওয়ার অপতৎপরতার সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।