হেলিকপ্টারে জন্মভূমিতে ফিরলেন প্রবাসী বাবুল মিয়া: চান্দুরায় ফের চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

মোঃ শামীম মিয়া, বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
শেয়ার করুন:
হেলিকপ্টারে জন্মভূমিতে ফিরলেন প্রবাসী বাবুল মিয়া: চান্দুরায় ফের চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাজকীয় আয়োজনে হেলিকপ্টারে চড়ে নিজ জন্মভূমিতে ফিরেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মো. বাবুল মিয়া। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। 

এ সময় মাঠে উপস্থিত কয়েকশত শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও স্থানীয় জনতা তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান। বাবুল মিয়া উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও চান্দুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। 

স্থানীয় জনতার উদ্দেশে মো. বাবুল মিয়া বলেন, "জনগণই সকল ক্ষমতার মূল উৎস। চান্দুরার মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি আবারও নির্বাচনে অংশ নিতে চাই। আমার লক্ষ্য কেবল জনগণের সেবা করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকা। আমি বিশ্বাস করি, বিগত নির্বাচনের মতো এবারও সাধারণ মানুষ আমাকে ভালোবেসে তাঁদের হৃদয়ে স্থান দেবেন।"

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, "জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে চান্দুরা ইউনিয়নকে একটি আধুনিক ও ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলবো। বিশেষ করে সমাজ থেকে মাদক নির্মূলে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।"

উল্লেখ্য, বিগত ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চান্দুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন বাবুল মিয়া। ওই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কাছে মাত্র ৩০০ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এবারও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি ভোটের মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।