সুরসাধক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফনীন্দ্র লাল ত্রিপুরা আর নেই, কাপ্তাইজুড়ে শোকের ছায়া

রিপণ মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৮ পিএম
শেয়ার করুন:
সুরসাধক ও অবসরপ্রাপ্ত শিক্ষক ফনীন্দ্র লাল ত্রিপুরা আর নেই, কাপ্তাইজুড়ে শোকের ছায়া

কাপ্তাইয়ের বিশিষ্ট সুরকার, গীতিকার, সঙ্গীত প্রশিক্ষক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু ফনীন্দ্র লাল ত্রিপুরা পরলোকগমন করেছেন। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে আসামবস্তিস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাবু ফনীন্দ্র লাল ত্রিপুরা ছিলেন কাপ্তাইয়ের সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের এক অগ্রদূত। তিনি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। সুরসাধনার পাশাপাশি তিনি শিক্ষকতার মতো মহান পেশার সাথে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি কাপ্তাই পিডিবি ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। একাধারে নিবেদিতপ্রাণ শিক্ষক ও সুরস্রষ্টা হিসেবে তিনি যেমন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন, তেমনি সুর ও সঙ্গীতের মূর্ছনায় অত্র অঞ্চলের মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন।

তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে কাপ্তাই উপজেলাসহ সমগ্র রাঙামাটি জেলার সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিল্পীসমাজ, বিভিন্ন গুণীজন এবং সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গুণীজনদের মতে, কাপ্তাইয়ের সংস্কৃতি চর্চা ও সঙ্গীত বিকাশে ফনীন্দ্র লাল ত্রিপুরার অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।