শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, পুরস্কার নিজ অর্থায়নে

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ৬:০৫ পিএম
শেয়ার করুন:
শিক্ষার্থীদের ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, পুরস্কার নিজ অর্থায়নে

শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক। উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজে উৎসাহিত করতে চালু করা হচ্ছে বিশেষ ‘নামাজ ট্র্যাকিং’ কার্যক্রম। এ কার্যক্রমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে কোনো সরকারি বরাদ্দ নয়, বরং সম্পূর্ণ নিজের ব্যক্তিগত অর্থায়নে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই কর্মকর্তা। 

সম্প্রতি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক স্বাক্ষরিত এক প্রাতিষ্ঠানিক নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

নোটিশ অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নামাজ আদায়ের তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হবে। প্রতিদিনের প্রথম ধর্মীয় ক্লাসে সংশ্লিষ্ট শিক্ষক কিংবা সহকারী মৌলভী আগের দিনের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের তথ্য শিক্ষার্থীদের কাছ থেকে সংগ্রহ করে নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। এভাবে মাসজুড়ে তথ্য সংরক্ষণের পর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান একটি সমন্বিত প্রতিবেদন তৈরি করে মাস শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা দেবে।

শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই উদ্যোগ কেবল পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করতে রাখা হয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। পুরো মাসে সর্বোচ্চ ও নিয়মিত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার, যার সম্পূর্ণ ব্যয় শিক্ষা কর্মকর্তা নিজেই বহন করবেন।

সংশ্লিষ্টদের মতে, কৈশোর থেকেই নিয়ম-শৃঙ্খলা ও ধর্মীয় অনুশাসনের চর্চা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন সুন্দর করতে বড় ভূমিকা রাখে। জারি করা নোটিশেও নামাজের গুরুত্ব তুলে ধরে হাদিসের আলোকে পরকালীন হিসাব এবং ইহকালীন শান্তির কথা উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়মিত নামাজি হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনকারী হিসেবে নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নামাজ মানুষের জীবনে আত্মসংযম ও নিয়মনিষ্ঠা তৈরিতে কার্যকর ভূমিকা রাখে।”

তিনি আরও যোগ করেন, “কাউকে কোনো প্রকার চাপ প্রয়োগ করে নয়; বরং ইতিবাচক মনোভাব ও সুন্দর পরিবেশের মাধ্যমে নামাজের মতো ভালো কাজে শিক্ষার্থীদের অভ্যস্ত করতেই ব্যক্তিগত অর্থায়নে এ উদ্যোগ নিয়েছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।