দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:০৫ পিএম
শেয়ার করুন:
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযান: প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক কয়েকটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ মালামাল পাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির চৌকস টহল দল এসব অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।

অভিযান সূত্রে জানা যায়, জামালপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকার কাশেম বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৬০০ টাকা।

অপর একটি অভিযানে চিলমারী বিওপির টহল দল মরার পাড়া কবরস্থান সংলগ্ন স্থানে তল্লাশি চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার ৯৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬০০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ ৫১ হাজার টাকা।

এছাড়াও, বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিণ বিলগাথুয়া মাঠ এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। 

৪৭ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।