বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্কঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫১ পিএম
শেয়ার করুন:
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই সিফাতের জামিন নামঞ্জুর

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁর জামিন আবেদন নাকচ করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, শুনানিতে সিফাত আব্দুল্লাহর আইনজীবী জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান দাবি করেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুনির্দিষ্ট মামলা রয়েছে এবং তিনি ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন। শুনানি শেষে বিচারক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ বহাল রাখেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের যে বক্তব্য ছড়িয়েছে, তার কোনো উল্লেখ মামলার মূল এজাহারে নেই। এমনকি শুনানিতেও রাষ্ট্রপক্ষ এ বিষয়ে কোনো তথ্য উপস্থাপন করেনি। গত ৪ জুনের একটি পুরোনো মামলায় সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। মূলত রাজনৈতিকভাবে হয়রানি করতেই তাঁকে আটক রাখা হয়েছে।’

সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। এদিকে সিফাতের রাজনৈতিক পরিচয় তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান দাবি করেন, সিফাত এনসিপির একজন সক্রিয় কর্মী। বিগত সময়ে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণের প্রমাণ থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসাবশত নানা তকমা দিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের নিজ বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করে গাছা থানা পুলিশ। পরদিন ৪ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনের একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পল্লী বিদ্যুতের তদন্তে ভিন্ন চিত্র:  
সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাত অভিযোগ করেছিলেন, গত দুই মাসে তাঁর পরিবারকে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে হয়েছে, যা ভৌতিক ও অতিরিক্ত। তাঁর এই অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (বোর্ড বাজার জোনাল অফিস)।

তদন্ত প্রতিবেদনে জানানো হয়, সিফাতের বাবা মো. সেকান্দার আলীর নামে গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দোতলা বাড়িটিতে মোট তিনটি আবাসিক মিটার রয়েছে। মে থেকে আগস্ট—এই চার মাসে তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহৃত হয়েছে, যার বিপরীতে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা। ফলে সিফাতের করা একক মিটারে অতিরিক্ত বা ভৌতিক বিলের অভিযোগের সাথে বাস্তব ব্যবহারের কোনো মিল পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।