আল্লু-জাহ্নবীকে ছাড়িয়ে গেলেন ‘বিগ বস’ তারকা আরিশফা

অনলাইন ডেস্কঃ
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:০৩ পিএম
শেয়ার করুন:
আল্লু-জাহ্নবীকে ছাড়িয়ে গেলেন ‘বিগ বস’ তারকা আরিশফা

সালমান খানের সঞ্চালনায় শুরু হওয়া জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন মৌসুমে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক প্রতিযোগী। তিনি ডিজিটাল তারকা ও অভিনেত্রী আরিশফা খান। বড় পর্দার তারকা না হয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীর (ফলোয়ার) সংখ্যায় তিনি পেছনে ফেলেছেন আল্লু অর্জুন ও জাহ্নবী কাপুরের মতো ভারতীয় সিনেমার শীর্ষ তারকাদের।

জনপ্রিয় এ রিয়েলিটি শোর নতুন মৌসুমে মোট ১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম বড় চমক এই ডিজিটাল তারকা। ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকের মাধ্যমে আরিশফা গড়ে তুলেছেন এক বিশাল অনুরাগী গোষ্ঠী। বর্তমানে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি ৯১ লাখ। 

তারকাদের সামাজিক মাধ্যমের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুরের ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি ৬৭ লাখ এবং কারিনা কাপুরের প্রায় ১ কোটি ৩৯ লাখ। শুধু বলিউডই নয়, দক্ষিণ ভারতীয় সিনেমার শীর্ষ তারকাদেরও পেছনে ফেলেছেন আরিশফা। ‘পুষ্পা’খ্যাত তারকা আল্লু অর্জুনের অনুসারী যেখানে প্রায় ২ কোটি ৭৯ লাখ এবং ‘বাহুবলি’ তারকা প্রভাসের প্রায় ১ কোটি ৩৯ লাখ, সেখানে একাই তাদের ছাপিয়ে গেছেন এই তরুণী।

উল্লেখযোগ্য বিষয় হলো, বড় পর্দার কোনো সিনেমায় অভিনয় না করেই মূলত টেলিভিশন এবং ডিজিটাল কনটেন্টের জোরে এই বিপুল দর্শকগোষ্ঠী তৈরি করেছেন আরিশফা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মূলত ‘গেট রেডি উইথ মি’ (GRWM) ঘরানার ভিডিও, ভ্রমণভিত্তিক ভ্লগ ও সমসাময়িক ট্রেন্ডিং লাইফস্টাইল কনটেন্ট প্রকাশ করে জনপ্রিয়তা পেয়েছেন। 

শুরুতে বিগ বসে অংশগ্রহণ করার ব্যাপারে অনিচ্ছা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল করেন আরিশফা। এদিকে এবারের আসরের মূল থিম নির্ধারণ করা হয়েছে ‘বরদান’। বিগ বস কর্তৃপক্ষের বরাতে জানা যায়, এই নিয়মের অধীনে প্রতিটি প্রতিযোগীর হাতে থাকবে ‘দুটি জীবন’—অর্থাৎ এলিমিনেশন বা বিদায় নেওয়ার মুহূর্তে নিজেদের রক্ষা করতে তারা একটি অতিরিক্ত সুযোগ পাবেন। 

তা ছাড়া এবারের বিগ বসের মূল বাড়িটি সাজানো হয়েছে বিখ্যাত ফ্যান্টাসি গল্প ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর ভাবনায়। শো শুরুর প্রথম দিন থেকেই প্রতিযোগীদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ও ব্যক্তিত্বের সংঘাতের আভাস মিলতে শুরু করেছে, যা অনুষ্ঠান ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।