এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মো. জসিম নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বগেরগাছি বাজার থেকে তাকে আটক করা হয়। আটক জসিম উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ভোরে কালীগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে একই দিন সকালে বগেরগাছি বাজারে ইউপি সদস্য জসিমের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি টাওয়ার মোড় থেকে বগেরগাছি বাজারের দিকে যাওয়ার পথে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পৌঁছালে অতর্কিত হামলার শিকার হয় বলে অভিযোগ ওঠে। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে দুজন আহত হন।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় মিজানুর রহমান নামে এক ব্যক্তি লাঠি দিয়ে মিছিলকারীদের ওপর চড়াও হন এবং কয়েকজনকে ধাওয়া করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে হামলাকারী মিজানুর ও তার ভাই আনোয়ার আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এলাকাবাসীর একাংশের দাবি, মিজানুর ও তার ভাই আনোয়ার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা বিএনপিতে সক্রিয় হন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন মিজানুর।
ঘটনার নয় দিন পর রোববার দুপুরে মিজানুর রহমান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে ইউপি সদস্য জসিমকে আটক করে।
এদিকে জসিমের আটকের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবার ও দলীয় সহকর্মীরা। জসিমের স্ত্রী সোনালী বেগম আক্ষেপ করে বলেন, "আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় আমার স্বামী হামলা-মামলার ভয়ে বাড়িছাড়া ছিলেন। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করার পরও তাকে আটক হতে হলো। আমি আর আমার স্বামীকে রাজনীতি করতে দেব না।"
রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রিন্স বলেন, "বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে জসিম মেম্বার সামনের সারিতে ছিলেন। ২০২৪ সালের নির্বাচনের আগেও তিনি আওয়ামী লীগের করা দুটি গায়েবি মামলায় কারাভোগ করেছেন। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করে উল্টো তাকেই গ্রেপ্তার হতে হলো—এটি অত্যন্ত দুঃখজনক।"
তবে মামলার বাদী মিজানুর রহমানের দাবি, সেদিনের মিছিলের কোনো দলীয় নির্দেশনা ছিল না। তিনি নিজে মিছিলে হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, অতীতে তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌরাঙ্গ কুমার বসু জানান, রোববার থানায় মিজানুর রহমান নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে জসিমকে আটক করা হয়েছে এবং সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সেপ্টেম্বর ৬, ২০২৬
আগস্ট ২, ২০২৬
আগস্ট ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।