মহম্মদপুরে দীর্ঘ ১৭ বছর পর কালিপদ রায় স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৩ এএম
শেয়ার করুন:
মহম্মদপুরে দীর্ঘ ১৭ বছর পর কালিপদ রায় স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী বাবুখালী হাই স্কুল মাঠে দীর্ঘ ১৭ বছর পর আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘কালিপদ রায় স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’। শুক্রবার (বিকেল সাড়ে ৪টায়) স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় মহম্মদপুরের বিনোদপুর ফুটবল একাদশ ও শালিখার আড়পাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়। পরবর্তীতে ফলাফল নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে আড়পাড়া ফুটবল একাদশকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করে বিনোদপুর একাদশ।

টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। বাবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান বাকি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খাঁন রোকনুজ্জামান, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা এবং সাবেক সাধারণ সম্পাদক ড. এস. এম. রইচ উদ্দিন।

বিএনপি নেতা টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টন ও কৃষক দলের আহ্বায়ক মো. রেজোয়ান রাসেলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী বলেন, “দীর্ঘ ১৭ বছর এ মাঠে এমন কোনো ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা সম্ভব হয়নি। বিগত সময়ে খেলাধুলার সুস্থ পরিবেশ বিঘ্নিত হওয়ায় যুবসমাজের একটি বড় অংশ মাদকের দিকে ঝুঁকে পড়েছিল।” তিনি আরও বলেন, “যুবসমাজকে রক্ষা করতে এবং সুস্থ-সুন্দর জীবনধারায় ফিরিয়ে আনতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে দেশব্যাপী খেলাধুলার প্রসারে কাজ চলছে।”

আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় দুই দশক পর টুর্নামেন্টটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে বাবুখালী স্কুল মাঠে দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং পুরো এলাকা যেন এক মিলনমেলায় পরিণত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।